প্রতিদিনের মান্না: ঈশ্বর অধার্ম্মিক বিচারকর্ত্তা নন || রবিবার, ২০শে অগাস্ট ২০২৩

 



ঈশ্বর অধার্ম্মিক বিচারকর্ত্তা নন

 আর তিনি তাঁহাদিগকে এই ভাবের একটী দৃষ্টান্ত কহিলেন যে, তাঁহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। তিনি বলিলেন, কোনো নগরে এক বিচারকর্ত্তা ছিল, সে ঈশ্বরকে ভয় করিত না, মনুষ্যকেও মানিত না। আর সেই নগরে এক বিধবা ছিল, সে তাহার নিকটে আসিয়া বলিত, অন্যায়ের প্রতীকার করিয়া আমার বিপক্ষ হইতে আমাকে উদ্ধার করুন। বিচারকর্ত্তা কিছু কাল পর্য্যন্ত সম্মত হইল না; কিন্তু পরে মনে মনে কহিল, যদিও আমি ঈশ্বরকে ভয় করি না, মনুষ্যকেও মানি না, তথাপি এই বিধবা আমাকে ক্লেশ দিতেছে, এই জন্য অন্যায় হইতে ইহাকে উদ্ধার করিব, পাছে এ সর্ব্বদা আসিয়া আমাকে জ্বালাতন করিয়া তুলে। পরে প্রভু কহিলেন, শুনো, ঐ অধার্ম্মিক বিচারকর্ত্তা কি বলে। তবে ঈশ্বর কি আপনার সেই মনোনীতদের পক্ষে অন্যায়ের প্রতীকার করিবেন না, যাহারা দিবারাত্র তাঁহার কাছে রোদন করে, যদিও তিনি তাহাদের বিষয়ে দীর্ঘসহিষ্ণু? আমি তোমাদিগকে বলিতেছি, তিনি শীঘ্রই তাহাদের পক্ষে অন্যায়ের প্রতিকার করিবেন। কিন্তু মনুষ্যপুত্র যখন আসিবেন, তখন কি পৃথিবীতে বিশ্বাস পাইবেন?

এখানে যীশু একজন বিধবা এবং একজন অধার্ম্মিক বিচারকর্ত্তা সম্পর্কে একটি দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন প্রার্থনা সম্বন্ধে। যদিও দৃষ্টান্তটি সম্ভবত অনেকেই ভুল ব্যাখ্যা করেন। দৃষ্টান্তের প্রথম পদেই দেখা যায় যীশু বলছেন যে সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। একই প্রার্থনা দ্বারা ঈশ্বরকে অতিষ্ঠ করে তোলার কথা যীশু এখানে বলছেন না।

আমাদের ঈশ্বর অধার্ম্মিক বিচারকর্ত্তার মত নন। ঈশ্বরকে রাজি করানোর জন্য একই ব্যাপার নিয়ে বারবার তার কাছে প্রার্থনা করার কোনো দরকার নেই। নিরন্ত প্রার্থনা করার শিক্ষা যীশু দিচ্ছেন কিন্তু বারবার একই ব্যাপার নিয়ে নাছোড়বান্দা প্রার্থনা করার কথা বলছেন না। প্রথম পদে, নিরুৎসাহ হওয়ার অর্থ হল মন্দের কাছে হার না মানা। এখানে যীশু শিক্ষা দিচ্ছেন যে আমাদের চারপাশের মন্দের কাছে হার না মেনে আমরা যেন অবিরত ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সাহস হারিয়ে আমরা যেন কাপুরুষের মতো প্রার্থনা করা ছেড়ে না দেই। এই দৃষ্টান্ত থেকে অন্য অর্থ বের করার চেষ্টা করা উচিত নয়।

যীশুর বলছেন যে আমাদের ঈশ্বর অধার্ম্মিক বিচারকর্ত্তার মত নন, কিন্তু সীমাহীনরূপে ভাল। সুতরাং, যদি এক দরিদ্র বিধবা এক মানব বিচারকের কাছ থেকে সাহায্য পেতে পারে যে ঈশ্বরের কথা চিন্তা করেন না তাহলে আমরা আমাদের বিস্ময়কর পিতা ঈশ্বরের কাছে আরোও কত অধিক সাহায্য প্রদানের আশা করতে পারি। ৮ পদে যীশু বলছেন যে ঈশ্বর দ্রুত উত্তর দেবেন। অধার্ম্মিক বিচারকর্ত্তার কাছে যেমন দরিদ্র বিধবা বারবার চাইছিলো সেই ভাবে আমাদের বারবার ঈশ্বরের কাছে চাইতে হবে না।

এটা আমাদের কাছে মনে হতে পারে যে ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দিচ্ছেন না। কিন্তু যীশু অন্য কথা বলেছেন। যীশু বলেছেন যে ঈশ্বর কাজ করছেন। পরিস্থিতি যেন আপনাকে নিরুৎসাহিত না করে। আপনি ঈশ্বরের উপর আস্থা রাখতে পারেন। আপনি যখন প্রার্থনা করবেন তখন তিনি শুনবেন এবং দ্রুত উত্তর দেবেন। তাই প্রার্থনা চালিয়ে যান।

মানুষ কেন নিরুৎসাহিত হয়ে প্রার্থনার অভ্যাস ত্যাগ করবে? শুধু তখনি যখন মনে হবে যে কোনো কাজ হচ্ছে না। যদি সবসময় দ্রুত উত্তর পাওয়া যায়, তাহলে প্রার্থনা বন্ধ করার কোনো প্রলোভন থাকবে না।

এই কারণেই যীশু এই দৃষ্টান্তটি বলেছিলেন, যেন প্রার্থনার উত্তর আসতে যতই সময় লাগুক না কেন আমরা যেন বিশ্বাস সহকারে উৎসাহের সাথে নিরন্ত প্রার্থনায় রত থাকি। আমরা বিশ্বাস রাখতে পারি কারণ ঈশ্বর সদয়, করুণাময় এবং নির্ভরযোগ্য, অধার্ম্মিক বিচারকর্ত্তার মত নন।

আপনাকে সাহায্য করার জন্য ঈশ্বরকে বাধ্য করতে হবে না। ঈশ্বর আপনাকে ভালবাসেন এবং আপনার জন্য সেরা চান। আপনি আশা করতে পারেন যে ঈশ্বর আপনাকে দ্রুত সাহায্য করবেন। একজন দরিদ্র বিধবা যদি একজন দুষ্ট বিচারককে সঠিক কাজ করতে প্রভাবিত করতে পারে, তবে আপনার পিতা ঈশ্বর মানুষকে কত বেশি প্রভাবিত করতে পারেন। তাই প্রার্থনায় রত থাকুন।

সুতরাং, বিশ্বাসের সাথে প্রার্থনা করতে হবে, এবং সন্দেহ করবেন না। আমাদের আত্মবিশ্বাসী হতে হবে এবং ঈশ্বরের দিকে তাকাতে হবে, এই জেনে যে ঈশ্বর কাজ করছেন এবং আমাদের উত্তর তার পথে রয়েছে। যখন আমরা তা জানি, তখন বারবার একই জিনিসের জন্য চাইতে থাকা আমাদের জন্য বোকামি হবে।

ঈশ্বর বিশ্বস্ত, ৮ পদে যীশু বিশ্বাস নিয়ে একটা প্রশ্ন করেছেন। আপনি তার উপর নির্ভর করতে পারেন। ঈশ্বর তাঁর লোকেদের কান্নার উত্তর দিতে বিশ্বস্ত হবেন না এমন কোন সুযোগ নেই। কিন্তু তাঁর লোকেরা কি বিশ্বস্ত হবে? তারা কি ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাসে অটল থাকবে? তারা কি ঈশ্বরের উপর আস্থা রাখবে এবং তাঁর মঙ্গলময়তায় বিশ্বাস রাখবে? লোকেরা কি যীশুর কথা বিশ্বাস করতে থাকবে, যে ঈশ্বর দ্রুত উত্তর দেবেন? নাকি মানুষ হাল ছেড়ে দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করাকে অর্থহীন মনে করবে?

দোয়া করে আমাদের ফেইসবুক পেজ ফলো করবেন @ https://www.facebook.com/sodaprobhuamarpalok

Comments

Popular posts from this blog

প্রতিদিনের মান্না: পুরানো প্রশ্নের উত্তর || শনিবার, ১৯ই অগাস্ট ২০২৩